ঢাবি আলফাডাঙ্গা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আলফাডাঙ্গা’ (ডুসা)-এর আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আলফাডাঙ্গা’ (ডুসা)-এর আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি খন্দকার ফাহিম উজ্জামান ও সাধারণ সম্পাদক মো. আসিফ আব্দুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তানভীর নেওয়াজ। এতে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম।
নবনির্বাচিত সভাপতি তানভীর নেওয়াজ উপজেলার বুড়াইচ ইউনিয়নের পানিগাতি গ্রামের বাসিন্দা এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে নবনির্বাচিতদের আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ‘প্রতিভার বিকাশই আমাদের মূল লক্ষ্য’—এ স্লোগানকে সামনে রেখে ২০১৭ সালে যাত্রা শুরু করে ‘ডুসা’। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি নানাবিধ সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের দিকনির্দেশনা ও আবাসন সহযোগিতা, রক্তদান কর্মসূচি এবং ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের টিউশনের ব্যবস্থা করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে সংগঠনটির ভূমিকা প্রশংসিত হয়েছে।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে আলফাডাঙ্গা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
মিয়া রাকিবুল/এমবি

