Logo

সারাদেশ

এয়ারপোর্টে নামলেই পরিবর্তন টের পাবেন প্রবাসীরা : আফরোজা খানম

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৯

এয়ারপোর্টে নামলেই পরিবর্তন টের পাবেন প্রবাসীরা : আফরোজা খানম

ছবি : বাংলাদেশের খবর

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশের বিমানবন্দরগুলোর সেবার মান এমন হতে হবে, যাতে বিদেশ থেকে আসা প্রবাসীরা এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে একটা ইতিবাচক পরিবর্তন টের পান।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মানিকগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন।

মন্ত্রী হওয়ার পর প্রথমবার সরকারি সফরে এসে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রবাসীরা যেনো কমফোর্ট জোনে থাকে এবং তারা এয়ারপোর্টে নামলে যেনো মনে করে, যে না! এখানে একটি পরিবর্তন এসেছে।’

মন্ত্রী বলেন, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে করণীয় নির্ধারণ করা বর্তমানে তাদের অন্যতম প্রধান কাজ। এর পাশাপাশি আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে হজযাত্রীদের যাতে কোনো প্রকার অসুবিধা না হয়, সেদিকে নজর দেওয়াও এখন তাদের অগ্রাধিকার।

মানিকগঞ্জে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের প্রস্তাব প্রসঙ্গে আফরোজা খানম রিতা জানান, এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।

তিনি বলেন, ‘এ প্রস্তাবটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করবো। উনি দেখবেন আমাদের প্রস্তাবটা কতটুকু গ্রহণযোগ্য। যদি নিশ্চিত হন যে এটা ভালো হবে, তবে নিশ্চয়ই উনি করবেন।’

এ সময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি শহীদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিএম খোরশেদ ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে মানিকগঞ্জ প্রেসক্লাব, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি ও সম্পাদক পরিষদের পক্ষ থেকে নবনিযুক্ত এই মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আফ্রিদি আহাম্মেদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিমান বাংলাদেশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর