সাভার–আশুলিয়ায় পৃথক অভিযানে ৫ মাদককারবারি গ্রেপ্তার
সাভার প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৫
ছবি : বাংলাদেশের খবর
ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় পৃথক তিনটি অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ পাঁচজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মাদককারবারিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা ডিবি-উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম।
ওসি সাইদুল ইসলাম জানান, শনিবার রাত ১১টা ৫৫ মিনিটে আশুলিয়া থানার পল্লীবিদ্যুৎ এলাকা থেকে আতিকুর রহমান (৩৭), নয়ন মন্ডল (৩১) ও মাসুদ মিয়া (২৫) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাত গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।
অপরদিকে, রোববার রাত ২টা ৩০ মিনিটে সাভার বাসস্ট্যান্ড পল্লী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ফরিদ হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
এছাড়া, শনিবার বিকেল ৪টা ৩০ মিনিটে সাভারের শ্যামপুর কুমারখোদা এলাকায় অভিযান চালিয়ে সাহেলা খাতুন (৬৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য নয় হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে আতিকুর রহমানের বিরুদ্ধে দুটি, নয়ন মন্ডলের বিরুদ্ধে চারটি এবং ফরিদ হোসেনের বিরুদ্ধে নয়টি মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাইফুল ইসলাম শাওন/এআরএ

