Logo

সারাদেশ

লোহাগাড়ায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান

Icon

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২০

লোহাগাড়ায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়ে দুটি এক্সকাভেটার জব্দ করেছে উপজেলা প্রশাসন। রোববার দিবাগত রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত উপজেলার আমিরাবাদ, কলাউজান ও আধুনগর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে মাটির উর্বর অংশ (টপসয়েল) কাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের খবর পেয়ে মাটি চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আধুনগরের বড়ুয়াপাড়া ও কলাউজান ৩ নম্বর ওয়ার্ডের রশিদিয়া মাদ্রাসার পাশ থেকে দুটি মাটি কাটার এক্সকাভেটার জব্দ করা হয়।

জব্দ করা দুটি এক্সকাভেটার বর্তমানে উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে। অবৈধভাবে মাটি কাটার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

পরিবেশের ক্ষতি হয়, এমন অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আবুল কালাম আজাদ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর