রূপগঞ্জে মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৭
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মন্দিরে সশস্ত্র হামলা, প্রতিমা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার মধ্যরাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট পশ্চিম মনিপাড়া এলাকায় শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
মন্দির কমিটির সভাপতি কালিপদ চন্দ্র দাস জানান, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত লোহার পাইপ, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে। তারা মন্দিরে স্থাপিত সরস্বতী প্রতিমা ভাঙচুর করে এবং চেয়ার, পাতিল, বৈদ্যুতিক তার, লাইটসহ বিভিন্ন সামগ্রী তছনছ করে। হামলাকারীরা প্রতিমার গায়ে থাকা প্রায় দুই ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয় বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, ভাঙচুরের পর দুর্বৃত্তরা কেরোসিন বা মবিলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে মন্দিরে আগুন ধরিয়ে দেয়। এতে মন্দিরের ভেতরে থাকা আসবাব ও উপকরণ পুড়ে যায়। আগুন ও ভাঙচুরের শব্দে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
মন্দির কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, মন্দিরের জমি নিয়ে পার্শ্ববর্তী সিংলাব এলাকার জাকির হোসেন নামের এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি নারায়ণগঞ্জ আদালতে বিচারাধীন রয়েছে। এর আগেও ওই পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে এ ধরনের সশস্ত্র হামলা ও অগ্নিসংযোগের ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। বিশেষ করে সাওঘাট ঋষিপাড়া এলাকার হিন্দু পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছেন। জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা তাদের।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।
এন বি আকাশ/এসএসকে/

