Logo

সারাদেশ

এবার রুমিন ফারহানার ১৫০ সমর্থকের বিরুদ্ধে মামলা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৯

এবার রুমিন ফারহানার ১৫০ সমর্থকের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও মারপিটের ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুটি পাল্টাপাল্টি মামলা হয়েছে। একটি মামলায় স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা–এর ১০০ থেকে ১৫০ জন সমর্থককে আসামি করা হয়েছে। অপর মামলায় আসামি করা হয়েছে স্থানীয় বিএনপির শতাধিক নেতাকর্মীকে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সরাইল থানায় মামলা করেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন মাস্টারের মালিকানাধীন ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক তামিম মিয়া। তিনি সরাইল সদরের দক্ষিণ কুট্টাপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে। মামলায় রুমিন ফারহানার ১৭ জন সমর্থকের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০–১৫০ জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে শহীদ মিনারে বাধা ও মারপিটের ঘটনার জেরে রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পাল্টা মামলা করেন রুমিন ফারহানার সমর্থক আহাদ। ওই মামলায় আনোয়ার হোসেন মাস্টারকে প্রধান আসামি করে আরও পাঁচজনের নাম উল্লেখসহ মোট ১৫০ জনকে আসামি করা হয়। সোমবার ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাঁরা জামিন নিয়েছেন বলে জানা গেছে।

সরাইল থানার ওসি মনজুর কাদির ভূঞা মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে হুমকি ও মারধরের অভিযোগ আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এমপি রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেন, বিএনপির একটি অংশ একুশে ফেব্রুয়ারিতে তাঁকে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে বাধা দেওয়ার পাশাপাশি তাঁর নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। পুলিশ প্রশাসনের উপস্থিতিতেই ঘটনা ঘটলেও তারা নির্বিকার ছিল বলেও দাবি করেন তিনি।

ঘটনার সূত্রপাত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে। সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়েন রুমিন ফারহানা। অভিযোগ রয়েছে, আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী তাঁকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় এবং তাঁর পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয়। পরে কর্মী-সমর্থকদের প্রহরায় শ্রদ্ধা নিবেদন না করেই শহীদ মিনার ত্যাগ করেন তিনি।

এর প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে রুমিন ফারহানার সমর্থকেরা সরাইলের শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

উল্লেখ্য, ব্যারিস্টার রুমিন ফারহানা সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া–২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন। জোটের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর