১৭শ ভারতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৬:৪৮
ফেনীতে এক হাজার ৭শ পিস ভারতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো. শাহাজানকে (৪৬) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে ফেনী শহরের পাঠান বাড়ি রোডের পুরাতন রেজিস্ট্রি অফিসের সামনে থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।
গ্রেপ্তার শাহাজান ফুলগাজী উপজেলার ঘোসাইপুর গ্রামের জানু মিয়ার ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাজু আহমেদ চৌধুরী জানান, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে বাংলাদেশে নিষিদ্ধ ভারতীয় টাপেন্টাডল নেশা জাতীয় ও চেতনানাশক ট্যাবলেটগুলো সংগ্রহ করে গোপনে ফেনীতে বিক্রির উদ্দেশ্যে এনেছে। তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার দিবাগত রাতে পাঠান বাড়ি রোডে অভিযান চালিয়ে মো. শাহাজানকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১৭ বক্স টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যা প্রতিটি বক্সে ১শ পিস করে ১৭শ পিস ট্যাবলেট রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. বেলাল হোসেন জানান, টাপেন্টাডল ট্যাবলেটগুলো দেশে উৎপাদন, বিক্রি, বাজারজাত ও সেবন নিষিদ্ধ। তাই একটি চক্র ভারতে থেকে নেশা জাতীয় ও চেতনা নাশক এ ট্যাবলেট এনে ফেনীসহ আশপাশের এলাকায় সাপ্লাই দিতেন। খবর পেয়ে আমাদের একটি টিম অভিযান চালিয়ে একজনকে আটক করেছে।
এমরান পাটোয়ারী/এমবি

