গণভোট নিয়ে ছিনিমিনি খেলা মানুষ প্রশ্রয় দেবে না : আখতার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৯
ছবি: সংগৃহীত
রংপুর–৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, গণভোট নিয়ে ছিনিমিনি খেলা বাংলাদেশের মানুষ কোনোভাবেই প্রশ্রয় দেবে না।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ১১ দলের আয়োজনে গণসংবর্ধনা ও গণ ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, বাংলাদেশের জনগণের অভিপ্রায়ে গণভোট পাস হয়েছে। সেই গণভোট নিয়ে ছিনিমিনি খেলা মানুষ কোনোভাবেই প্রশ্রয় দেবে না। সংস্কার বাস্তবায়ন না হলে এ দেশের মানুষ ২৪–এর মতো আবারও রাজপথে নামবে।
তিনি আরও বলেন, বিএনপি সরকারকে যে পরিমাণ মানুষ ভোট দিয়েছে, তার চেয়ে দ্বিগুণ মানুষ গণভোটে ‘হ্যাঁ’–এর পক্ষে মত দিয়েছে। যে সমর্থনে বিএনপি সরকার গঠন করেছে, তার চেয়ে বেশি সমর্থনের গণভোটকে উপেক্ষা করার চেষ্টা করা হলে মানুষ বিএনপি সরকারকেও ছাড় দেবে না।
বিচার ও জুলাই গণহত্যার বিষয়ে বিএনপির অবস্থান এখনো স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি। আখতার হোসেন বলেন, গণঅভ্যুত্থান, গণভোট এবং জুলাই আদেশের মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে। জুলাই সনদের আদেশ যদি সরকার পরিপালন না করে, তাহলে জনগণ বিএনপি সরকারের সঙ্গে থাকবে না।
কাউনিয়া উপজেলা জামায়াতের আমির আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণসংবর্ধনা ও গণ ইফতার মাহফিলে জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এএস/

