নারী শ্রমিককে দা দিয়ে কুপিয়ে আহত, প্রধান আসামি গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৭:১৩
কুমিল্লায় এক নারী শ্রমিককে দা দিয়ে কুপিয়ে আহত করে আত্মগোপনে যাওয়া প্রধান আসামি রকিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (পহেলা জানুয়ারি) সকালে সদর দক্ষিণ উপজেলার ইপিজেড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড ফাঁড়ির এসআই আহসান হাবিব ও তার টিম রকিকে গ্রেপ্তার করে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি তদন্ত আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ শাকতলা এলাকায় নার্গিস আক্তারের ভাড়াটিয়া কাজল বেগম ইপিজেডে চাকুরি করেন। গত ২৮ ডিসেম্বর ভোরে তিনি কর্মস্থলে যাওয়ার সময় পাশের ঘরের ভাড়াটিয়া রকি উচ্চ আওয়াজে সাউন্ড বক্স বাজায়। তিনি রকিকে সাউন্ড কমাতে বললে রকিসহ তার স্ত্রী মুন্নি আক্তার কাজল ওই নারী শ্রমিককে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে ধারালো বটি দা দিয়ে কাজল বেগমকে হত্যার উদ্দেশ্যে মাথায় কয়েকটি কুপ দেন। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে ওই হাসপাতালে মৃত্যুর সজ্জায় রয়েছেন। এ ঘটনার পর কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় আহত কাজলের স্বামী রকি ও তার স্ত্রী মুন্নি আক্তারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
সদর দক্ষিণ মডেল থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক বলেন, এ গার্মেন্টস কর্মীর স্বামীর মামলার পর প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আরেক আসামিকেও শীঘ্রই গ্রেপ্তার করার জন্য কাজ অব্যাহত রয়েছে।
সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি

