মব সৃষ্টি করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ১২
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৭
ছবি: সংগৃহীত
রূপসায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে এবং তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রূপসা থানার এসআই মো. আশরাফুল আলম ও তাঁর সহকর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামের জহির শেখ (৩২)–কে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালান।
গ্রেপ্তারের সময় আসামির আত্মীয়স্বজন ও সহযোগীরা জড়ো হয়ে উত্তেজনা সৃষ্টি করেন এবং জহিরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
হামলায় এসআই আশরাফুল আলমসহ অন্য পুলিশ সদস্যরা আহত হন। পরে তাঁদের রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোডের ১৪৩, ৩৩২, ৩৩৩, ৩৫৩ ও ১৮৬ ধারায় মামলা করা হয়েছে। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—মো. জহির শেখ (৩২), আজিজ শেখ (৪৫), নাজমুল শেখ (২৪), আবিদ শেখ (২২), মহিদুল শেখ (৬৫), নাজমুল সাকিব (২৭), নার্গিস বেগম (২৬), নাসিমা বেগম (৪০), তমা বেগম (২৫), রুপা বেগম (২৫), ফারুক (৪৫) ও খন্দকার আফজাল উদ্দিন (৪০) প্রমুখ।

