কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ এখন আমি, দাবি মুফতি আমির হামজার
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৯
এমপি মুফতি আমির হামজা/ ছবি: সংগৃহীত
কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি মুফতি আমির হামজা বলেছেন, মেডিকেল কলেজ ও সদর হাসপাতাল নিয়ে তাঁর কাছে কিছু লিখিত অভিযোগ রয়েছে। সেগুলো তিনি সংশ্লিষ্টদের জানিয়েছেন এবং পরিবর্তনের জন্য সময় বেঁধে দিয়েছেন। সংশ্লিষ্টরা ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আমির হামজা বলেন, ‘তারা বলেছে, বিষয়গুলো আসলে তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। ওপরওয়ালার দোষ দিয়েছে। আমি বলেছি, কুষ্টিয়ায় কোনো ওপরওয়ালা নেই—ওপরওয়ালা এখন আমি। সুতরাং যা কিছু হবে, আমাকে জানাবেন।’
তিনি বলেন, কুষ্টিয়া জেলাসহ আশপাশের জেলার মানুষের উপকার ও সেবার জন্য তাঁরা কাজ করে যাচ্ছেন। ‘আমরা দুটি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। এগুলো দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। সামনে সাতটি বিষয় রয়েছে। আজ দুটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, বাকিগুলো পর্যায়ক্রমে হবে,’ যোগ করেন তিনি।
এ সময় জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. শহিদুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

