Logo

সারাদেশ

ফরিদপুরে কিশোরকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার মূল অভিযুক্ত গ্রেপ্তার

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৫

ফরিদপুরে কিশোরকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার মূল অভিযুক্ত গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের বোয়ালমারীতে জুট মিলের এক কিশোর শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মাগুরার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রিহাত শেখ (২২) ফরিদপুরের বোয়ালমারী থানার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের বাসিন্দা।

র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ডোবরা গ্রামে অবস্থিত আকিজ-বশির জনতা জুট মিলে কাজ শেষে ১২ বছর বয়সী শ্রমিক মো. সজিব ওরফে শরীফ একটি কম্প্রেসার মেশিনের পাইপ দিয়ে নিজের শরীর পরিষ্কার করতে যান। এ সময় সহকর্মী রিহাত শেখ ও তার এক সহযোগী সজিবের পায়ুপথে হাওয়া ঢুকিয়ে দিলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

আশঙ্কাজনক অবস্থায় সজিবকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ ফেব্রুয়ারি সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সজিবের বাবা বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি দল মাগুরায় অভিযান চালিয়ে প্রধান আসামি রিহাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাব-১০-এর কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম জানান, মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার হত্যা / খুন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর