৩০ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী আটক
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৯
ছবি: সংগৃহীত
জয়পুরহাটে ৩০ লাখ টাকার বেশি মূল্যের দুটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)–এর বিশেষ টহলদল। এ সময় পাচারের অভিযোগে শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ২০ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার হিচমী বাইপাসসংলগ্ন কমর গ্রাম এলাকা থেকে মূর্তি দুটি উদ্ধার করা হয়।
আটক শহিদুল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের রশিদনগর টুলট গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)–এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর সার্বিক নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। শুক্রবার দুপুরে সদর থানার হিচমী বাইপাসসংলগ্ন গোবিন্দগঞ্জ–জয়পুরহাট সড়কের একটি নির্জন স্থানে সাদা প্লাস্টিকের বস্তা হাতে দাঁড়িয়ে ছিলেন শহিদুল ইসলাম। সন্দেহ হলে বিজিবির টহলদল তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
প্রাথমিকভাবে তিনি সদুত্তর দিতে না পারলেও পরে বস্তার ভেতরে অবৈধ কষ্টিপাথরের মূর্তি থাকার কথা স্বীকার করেন। পরে বস্তা থেকে একটি বড় ও একটি ছোট আকারের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, বড় মূর্তিটির ওজন ২৮ কেজি ৫০০ গ্রাম এবং ছোটটির ওজন ২ কেজি ২০০ গ্রাম। উদ্ধার হওয়া মূর্তি দুটির আনুমানিক সিজার (বাজার) মূল্য ৩০ লাখ ৭০ হাজার টাকা।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)–এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, উদ্ধার মূর্তি দুটি ও আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও প্রত্নতাত্ত্বিক সম্পদ পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এএস/

