Logo

সারাদেশ

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৯

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার

ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে কিশোরীকে ধর্ষণ ও পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নূরাসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নূরাকে গাজীপুর থেকে এবং আলী হোসেনকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে গ্রেফতারকৃত সালিশ বৈঠকের বিচারক মহিসাষুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়াকে বিএনপি থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি।

এর আগে শুক্রবার রাতে মাধবদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ ওরফে নূর (রিকশাচালক), মো. ইমরান দেওয়ান (৩২), গাফ্ফার (৩৪), এবাদুল্লাহ (৪০), মো. আইয়ুব (৩০) এবং আরও দুইজন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, কিশোরীর বাবা বরিশালের বাসিন্দা। পরিবারটি কাজের সুবাদে মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়ায় বসবাস করছিল। ১৫ দিন আগে নূরার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। বিচার চাওয়ায় পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা দিয়ে রফাদফার করার চেষ্টা করা হয়।

রফাদফা না হওয়ায় পরিবারের উপর গ্রামে চলে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়। এরপর বুধবার রাতে মেয়েটিকে খালার বাড়িতে নিয়ে যাওয়ার পথে বড়ইতলা এলাকায় নূরার নেতৃত্বে আরও পাঁচজন তাকে তুলে নিয়ে যায়। পরদিন একই এলাকার একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মেয়ের বাবা মো. আশরাফ জানান, “নূরার নেতৃত্বে ৫-৬ জন আমাকে ছুরির মুখে জিম্মি করে আমার মেয়েকে জোরপূর্বক তুলে নেয়। যারা এই হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, “ধর্ষক ও হত্যাকারীসহ সব অপরাধীর জন্য আমাদের অবস্থান জিরো টলারেন্স। অপরাধী যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে না।”

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানিয়েছেন, ধর্ষণের ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর