রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১৯:৪৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে দিনব্যাপী উচ্ছেদ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে দিনব্যাপী উচ্ছেদ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে দিনব্যাপী ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ জসীম উদ্দীনের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভুলতা গোলচত্বর থেকে গোলাকান্দাইল পর্যন্ত মহাসড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ কাঁচাবাজার, কাপড়ের দোকান, ভাসমান কসমেটিকস ও কাঁচামালের দোকানসহ শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয় এবং মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়।
ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ জসীম উদ্দীন বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ দখলের কারণে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি তৈরি হচ্ছিল। ব্যবসায়ীদের আগেও একাধিকবার সতর্ক করা হয়েছে। ভবিষ্যতেও কেউ যাতে সড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টি না করে, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এন বি আকাশ/এমবি

