চুয়াডাঙ্গা সীমান্তে অর্ধ কোটি টাকার ডিএনএ পরীক্ষার কিট জব্দ
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০০:৩৮
ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রাজাপুর সীমান্ত থেকে অর্ধ কোটি টাকার ডিএনএ পরীক্ষার কিট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার সকালে সীমান্ত এলাকার একটি ভুট্টাখেত থেকে পরিত্যক্ত অবস্থায় এসব কিট উদ্ধার করা হয়। বিজিবির ধারণা, এগুলো ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছে।
বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত থেকে আনুমানিক ৫০ গজ ভেতরে রাজাপুর গ্রামের শুকুর আলীর ভুট্টাখেতে অভিযান চালানো হয়। নায়েব সুবেদার তাপস সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২২০টি ভারতীয় ডিএনএ টেস্ট কিট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা কিটগুলোর আনুমানিক মূল্য ৫১ লাখ ৭০ হাজার টাকা।
তবে অভিযানে চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
এএস/

