Logo

সারাদেশ

ভালুকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

Icon

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ২১:০৫

ভালুকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

ময়মনসিংহের ভালুকা উপজেলা-ফুলবাড়িয়া সীমান্তে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জোরার ব্রিজ এলাকার ভরাডোবা-সাগরদীঘি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন আহাম্মেদ (২৭) ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঠালি এলাকার বাসিন্দা আরফান আলী শেখের ছেলে। একই দুর্ঘটনায় শাহাদাত শাকিল নামের আরও একজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে শাহাদাত শাকিলকে সঙ্গে নিয়ে ফুলবাড়িয়া এলাকা থেকে মোটরসাইকেলে ভালুকার দিকে রওনা হন নয়ন আহাম্মেদ। ভালুকা-ফুলবাড়িয়া উপজেলা সীমান্তের জোরার ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়ন আহাম্মেদ নিহত হন এবং তার সহযাত্রী শাকিল গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা আহত ও নিহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নয়ন আহাম্মেদকে মৃত ঘোষণা করেন। আহত শাকিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ফুলবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান আকন্দ জানান, ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটি এখনো শনাক্ত করা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

রোমান আহমেদ নকিব/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি ছাত্রদল সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর