Logo

সারাদেশ

ফরিদপুরে খুচরা সার ব্যবসায়ীদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান

অপূর্ব অসীম

অপূর্ব অসীম

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১৬:১৬

ফরিদপুরে খুচরা সার ব্যবসায়ীদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান

দেশজুড়ে বাংলাদেশ সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে সংগঠনটির সভাপতি জাকির হোসেন লিটন বলেন, বাংলাদেশ সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতারা পূর্বের নিয়মে সার ক্রয়-বিক্রয় করতে পারবেন না— এমন সংবাদে সারা দেশের ৪৪ হাজার কার্ডধারী খুচরা সার বিক্রেতা মারাত্মকভাবে হতাশ। দীর্ঘদিনের জীবিকা নির্ভর খুচরা সার বিক্রয় কার্যক্রম স্থগিত হয়ে গেলে পরিবার-পরিজন নিয়ে কোথায় দাঁড়াবেন, তা নিয়ে তারা উৎকণ্ঠিত।

তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করে যে সামান্য আয় হয়, তা দিয়ে দোকান ভাড়া, কর্মচারীর বেতনসহ সংসারের খরচ চালাতে হয়। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে তারা পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। তাই সরকারের কাছে নীতিমালা পুনর্গঠন স্থগিত রেখে তাদের ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।

পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সভাপতি জাকির হোসেন লিটন, রাজিব হোসেন, সুব্রত দাস, লিয়াকত আলী মোল্লা, আশরাফ জমাদ্দার, আফতাব হোসেন বাবুল ও রাজু সিকদার প্রমুখ।


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর