আলফাডাঙ্গায় ইমামদের ঈদ উপহার দিল ‘হিলফুল ফুজুল’
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ২১:৪০
রমজানের এক মাস সিয়াম সাধনা শেষে আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদের এই আনন্দ যখন সবাই প্রিয়জনদের সাথে নতুন পোশাকে ভাগ করে নিতে ব্যস্ত তখন অনেক ক্ষেত্রে আড়ালেই থেকে যান মসজিদের সম্মানিত ইমামগণ। স্বল্প সম্মানি আর নানা সীমাবদ্ধতার কারণে ঈদের আনন্দ অনেক সময় তাদের স্পর্শ করতে পারে না। ইমামদের সেই ত্যাগের প্রতি সম্মান জানিয়ে এবং তাদের সাথে ঈদের খুশি ভাগ করে নিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে ইসলামিক সংগঠন ‘হিলফুল ফুজুল’।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলার ধলাইরচর চৌরাস্তায় এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার বিভিন্ন মসজিদের ইমামদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। সংগঠনটির পক্ষ থেকে উপহার হিসেবে ইমামদের হাতে উন্নত মানের পাঞ্জাবি ও পায়জামা তুলে দেওয়া হয়।
এ সময় হিলফুল ফুজুল সংগঠনের সভাপতি মুহাদ্দিস মুফতি রাকিবুল হাসান রাকিব, সহ-সভাপতি হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ মারুফ শেখসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি মুফতি রাকিবুল হাসান রাকিব জানান, ‘দেশে জীবনযাত্রার মান ও দ্রব্যমূল্যের দাম বাড়লেও মসজিদের ইমামদের সম্মানি সেভাবে বাড়েনি। একজন ইমামকে মাস শেষে সামান্য বেতন পেয়ে পরিবারের চাহিদা মেটাতে গিয়ে হিমশিম খেতে হয়। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রতি বছরের ন্যায় এ বছরও হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে ইমামদের এই সামান্য উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’
সংগঠনটির এমন মানবিক ও ব্যতিক্রমী কর্মকাণ্ড স্থানীয় মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে। এলাকাবাসীর মতে, ইমামরা সমাজের পথপ্রদর্শক অথচ উৎসবের সময় তারাই সবচেয়ে বেশি অবহেলিত থাকেন। হিলফুল ফুজুলের এই উদ্যোগ সমাজের বিত্তবানদের ইমাম ও ওলামাদের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মিয়া রাকিবুল/এসএসকে/

