নির্বাচনি এলাকায় দুর্নীতি–চাঁদাবাজি বন্ধ করতে হবে : গণপূর্তমন্ত্রী
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ২২:১৬
ছবি: সংগৃহীত
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেছেন, ‘যার যার নির্বাচনি এলাকায় দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠন করতে হবে। চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে পারলে জনগণ আমাদের ওপর আস্থা রাখতে পারবে।’
বৃহস্পতিবার (৫ মার্চ) কুমিল্লা ক্লাব প্রাঙ্গণে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাকারিয়া তাহের সুমন বলেন, ‘জাতীয় নির্বাচনে বিএনপি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে। এ নির্বাচন শেষ নয়। আগামী স্থানীয় সরকার নির্বাচনেও যাতে জনগণ বিএনপিকে সমর্থন দেয়, সে জন্য প্রতিশ্রুতি মোতাবেক সংসদীয় এলাকায় কাজ করতে হবে।’
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য দেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালাম ও কুমিল্লা-১০ আসনের এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সেক্রেটারি অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী ও নজরুল ইসলাম ভূঁইয়া স্বপন।
এএস/

