বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১৭:২২
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) সকাল প্রায় পৌনে ১০টার দিকে উপজেলার কসবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকার নিউমার্কেট এলাকার এলিফ্যান্ট রোডের আব্দুল ওয়াহিদের ছেলে মো. ইলিয়াস হোসেন (৫৭) এবং বরিশাল নগরীর বাসিন্দা মাইক্রোবাস চালক মো. রিপন।
আহতরা হলেন- ঢাকার খিলখেতের মো. মনিরুজ্জামান (৪০), মুরাদপুরের নুরুজ্জামান (৪২) এবং বাগেরহাটের মোংলা এলাকার আব্দুল ওয়েজ (৩০)।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, খুলনাগামী টেকেরহাট এক্সপ্রেস বাসের সঙ্গে বরিশালগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মাইক্রোবাসের চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালকসহ দুইজন মারা যান।
গুরুতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এস এম মিজান/এমবি

