Logo

সারাদেশ

আমরা সংসদে যাচ্ছি সংস্কার বাস্তবায়নের জন্য : নাহিদ ইসলাম

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ২৩:০৯

আমরা সংসদে যাচ্ছি সংস্কার বাস্তবায়নের জন্য : নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, ‘ফ্যাসিস্টের দোসরদের বক্তব্য শোনার জন্য আমরা ১২ মার্চ জাতীয় সংসদে যাচ্ছি না। আমরা সংসদে যাচ্ছি সংস্কার বাস্তবায়নের জন্য।’

মঙ্গলবার এনসিপির রাজশাহী বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নাহিদ ইসলাম। রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে ইফতারের আগমুহূর্তে তিনি বক্তব্য দেন।

রাষ্ট্রপতিকে ইঙ্গিত করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘১২ মার্চ সংসদের অধিবেশন। শুনছি, সেই সংসদে ফ্যাসিস্টের দোসর, ফ্যাসিস্টের রেখে যাওয়া লেজুড় বক্তব্য দেবে। আমি স্পষ্টভাবে বলছি, কোনো ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য আমরা ১২ মার্চ সংসদে যাচ্ছি না। আমরা সংসদে যাচ্ছি বাংলাদেশের মানুষ এই ইলেকশনে গণভোটে হ্যাঁ-এর পক্ষে ভোট দিয়েছে, সেই হ্যাঁ-এর পক্ষে সংস্কারের বাস্তবায়ন করার জন্য। জাতীয় সংসদে যাচ্ছি কবে উচ্চকক্ষ হবে, কবে সংবিধান সংস্কার পরিষদ হবে—সেই হিসাব নেওয়ার জন্য।’

অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পায়নি। এই যে সরকার হয়েছে, এটা একটা অগণতান্ত্রিক সরকার। গণতান্ত্রিক সরকার গঠনের পূর্বশর্ত একটি ক্লিয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন প্রয়োজন। কিন্তু এই ইলেকশনে কেন্দ্র দখল, ভোট ডাকাতি, ইঞ্জিনিয়ারিং হয়েছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য, বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন প্রামাণিক।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর