তারেক রহমানের নেতৃত্বে ন্যায় প্রতিষ্ঠা করে দেশ গড়তে চাই : এ্যানি
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ২৩:২৯
ছবি: সংগৃহীত
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যারা মুখে ইনসাফ ও ন্যায়ের কথা বলেন, প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি করেননি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ইনসাফের রাজনীতি হয়েছিল। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠা করে আমরা দেশটাকে গড়তে চাই।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর যুবদলের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হলে এ ইফতারের আয়োজন করা হয়।
এ্যানি চৌধুরী বলেন, দেশ পরিচালনা করা একটি কঠিন দায়িত্ব। দেশের নেতৃত্ব দেওয়া এবং দেশের দায়িত্ব গ্রহণ করে জনগণের পাশে থেকে কাজ করা বড় দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে হলে সজাগ ও সতর্ক থাকতে হবে। কারণ যারা আজ মুখে ইনসাফের কথা বলেন, যারা ন্যায়ের রাজনীতির কথা বলেন, বাস্তবে তারা ইনসাফের রাজনীতি করেননি। তারা ন্যায়ের রাজনীতি করেননি। তারা দেশের মানুষকে জিম্মি করে রাজনীতি করেছেন, গুপ্ত রাজনীতি করেছেন। ইনসাফের রাজনীতি সবসময় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হয়েছে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশকে গড়ে তুলতে চাই। এজন্য যুবদল ও তরুণ ছাত্ররাই অগ্রণী ভূমিকা পালন করবে।
তিনি বলেন, আমাদের যে মন্ত্রণালয়—এটা আমার দায়িত্ব থেকে বলছি—এটি হলো পানিসম্পদ মন্ত্রণালয়। প্রেসিডেন্ট জিয়া যেভাবে খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন, এ দেশে যেভাবে তিনি উৎপাদন ও উন্নয়নের রাজনীতিকে অব্যাহত রেখেছিলেন, আমরা আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাব। নতুনভাবে বাংলাদেশকে গড়ে তুলব। এজন্য বিশেষ করে যুবসমাজের সহযোগিতা কামনা করছি। যুবসমাজের জন্য লক্ষ্মীপুরে কী ধরনের পরিকল্পনা গ্রহণ করা যায়, সে বিষয়েও আমরা কিছু কাজ করছি। আগামী দিনে সেগুলো দৃশ্যমান করতে আপনাদের সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন। এটি রাষ্ট্রের দায়িত্ব—আমরা ক্ষমতা পেয়েছি, এমন কথা বলার সুযোগ নেই। জনগণের পাশে থাকা, জনগণের খেদমত করা এবং যেদিন থেকে তিনি (তারেক রহমান) শপথ নিয়েছেন, সেদিন থেকেই আমরা তাঁর নেতৃত্বে দায়িত্বশীল অবস্থান থেকে জনগণের পাশে দাঁড়িয়েছি। জনগণের কাজ করার জন্য আমরা সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছি। আগামী পাঁচ বছরে আমাদের অনেক কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহম্মদ, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন এবং সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন।
এএস/

