ভালুকায় ইফতারে মোরগ পোলাও খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০১:০১
হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ হওয়া শ্রমিকরা
ময়মনসিংহের ভালুকায় বৃহস্পতিবার (১২ মার্চ) ইফতারে মোরগ পোলাও খেয়ে অর্ধশতাধিক গার্মেন্টস শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে ২১ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরও দুজনকে সেখানে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাস্টারবাড়ি এলাকার গ্লোবাল সুজ কারখানার শ্রমিকরা ইফতারের জন্য ভালুকার খান হোটেল থেকে লাল মোরগ পোলাও ও সাদা মোরগ পোলাও সংগ্রহ করেন। খাবার খাওয়ার ১০–১৫ মিনিটের মধ্যে শ্রমিকরা বমি, পেটব্যথা ও ডায়রিয়ায় আক্রান্ত হন।
সহকর্মীরা অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় ২১ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কারখানার সুইং সেকশনের শ্রমিক ফাহাদ মিয়া বলেন, ইফতারের পর পাঁচ–দশ মিনিটের মধ্যেই কয়েকজন হঠাৎ বমি করতে শুরু করেন, এরপর ধীরে ধীরে আরও অনেকে অসুস্থ হয়ে পড়েন।
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মেহেদী হাসান বলেন, অজ্ঞাত বিষক্রিয়ার কারণে শ্রমিকরা অসুস্থ হয়েছেন। শিল্প পুলিশের এএসআই সিরাজুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এএস/

