Logo

সারাদেশ

মানুষের প্রত্যাশা পূরণ করাই তারেক রহমানের লক্ষ্য : মাহবুবের রহমান

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ২১:৩০

মানুষের প্রত্যাশা পূরণ করাই তারেক রহমানের লক্ষ্য : মাহবুবের রহমান

ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং খালেদা জিয়ার নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমান আজ দেশের নেতৃত্ব দিচ্ছেন। জনগণের দুঃখ–দুর্দশা লাঘবের লক্ষ্যেই তিনি সরকার গঠন করেছেন।

তিনি বলেন, ইতোমধ্যে নির্বাচনী ওয়াদা মোতাবেক ফ্যামিলি কার্ড বাস্তবায়ন শুরু হয়েছে। বিএনপি সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। এ সরকারের লক্ষ্য দেশের ১৮ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করা। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

শুক্রবার (১৩ মার্চ) চট্টগ্রাম নগরীর ষোলশহর এলজিইডি ভবনের কনফারেন্স রুমে চট্টগ্রামস্থ হাতিয়া ছাত্র-যুব পরিষদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, দ্বীপ হাতিয়ার উন্নয়নে সারাজীবন কাজ করতে চাই। হাতিয়ার মানুষকে যে স্বপ্নের কথা নির্বাচনের আগে বলেছিলাম, সে স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান হাতিয়াবাসীর দুঃখ–দুর্দশার কথা জানেন। সে দুঃখ–দুর্দশা ঘুচিয়ে হাতিয়ার কাঙ্ক্ষিত উন্নয়ন বিএনপি সরকার করবে।

তিনি বলেন, হাতিয়াবাসী সব সময় সরকারি দল পায় না বলে উন্নয়নবঞ্চিত হওয়ার যে অতীত ইতিহাস রয়েছে, সেটাকে ইতিহাসের পাতায় রেখে দিতে চাই। বিএনপি সরকার সবার সমান অধিকার ও উন্নয়ন নিশ্চিত করবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, হাতিয়াকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে সবাইকে দায়িত্বশীল জায়গা থেকে কাজ করতে হবে। বিএনপি সরকার দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সাম্য, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চায়। সে লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন এবং সেগুলোর বাস্তবায়ন দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, তাই সবার উচিত সরকারকে সহযোগিতা করা। আমরা যদি নিজ নিজ দায়িত্বগুলো সঠিকভাবে পালন করি, তাহলেই আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর