Logo

সারাদেশ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর হুঁশিয়ারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে না আসলে ব্যবস্থা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ২২:৪০

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে না আসলে ব্যবস্থা

ছবি: সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত হতে হবে। কেউ না আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে বলেন, জনগণ বিএনপিকে বিপুল ভোট দিয়েছে। এজন্য সরকার মানুষের অধিকার নিশ্চিতে ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির আওতায় খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।

আসাদুল হাবিব দুলু আরও বলেন, “আমরা একটি আলোকিত লালমনিরহাট গড়তে চাই। মাদক নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া এবং বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ নির্মূলে প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এবং নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে।”

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালু করার বিষয়ে মন্ত্রী জানান, তিনি ব্যক্তিগতভাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর কাছে সফরের আমন্ত্রণ জানিয়েছেন, যাতে দ্রুত বিমানবন্দর সচল করার ব্যবস্থা নেওয়া যায়।

এদিন সকালে মন্ত্রী লালমনিরহাট সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন। হাসপাতালের ওয়ার্ড ও চারপাশের চরম অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৬ ঘণ্টার মধ্যে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার আল্টিমেটাম দেন তিনি।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর