Logo

সারাদেশ

আ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল : নাহিদ ইসলাম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ২২:৫৫

আ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল : নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেছেন, আওয়ামী লীগ এমন একটি দল, যারা গুপ্ত হামলা, অগ্নি সন্ত্রাস এবং দাঙ্গা-হাঙ্গামা করে রাজনীতিতে টিকে থাকতে চেয়েছিল।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ জিমনেসিয়ামে আয়োজিত বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশের জনগণ ৫ আগস্ট তাদের প্রতিহত করেছিল। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ও বিশ্বাসী। আওয়ামী লীগকে পুলিশের হাতে ধরিয়ে দিন, গ্রেপ্তারের ব্যবস্থা করুন।”

তিনি প্রশাসনের প্রতি সতর্কবার্তা দিয়ে বলেন, যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে জন প্রতিরোধ গড়ে তোলা হবে। নাহিদ ইসলাম আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ধোবাউড়ায় জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে ব্যবস্থা না নিলে, যা করণীয় তা করা হবে। তিনি জনগণকে ঘরে বসে না থাকারও আহ্বান জানান।

অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ এমপি, জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মো. মাজহার ফকির, জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান।

এ ছাড়া, কেন্দ্রীয় নেতাকর্মী, ময়মনসিংহ বিভাগের চার জেলার আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর