আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনায় অন্তঃসত্ত্বাসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে জখম
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ২১:১৯
ফরিদপুরের আলফাডাঙ্গায় জমির আগাছা ফেলা নিয়ে তুচ্ছ ঘটনায় এক অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের কুমুরতিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন— ওই গ্রামের গোবিন্দ বিশ্বাস (৫০), তার স্ত্রী মনিরা বিশ্বাস (৪০) ও তাদের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মেয়ে রুপালি বিশ্বাস (২৩)। এ ঘটনায় ভুক্তভোগী গোবিন্দ বিশ্বাস বাদী হয়ে শনিবার দুপুরে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কুমুরতিয়া গ্রামে গোবিন্দ বিশ্বাসের বসতবাড়ির পাশেই তার একটি চাষের জমি রয়েছে। জমির সীমানা ঘেঁষেই প্রতিবেশী তারা শেখের (৬০) জমি। শনিবার সকালে তারা শেখ তার জমির আগাছা ও ময়লা গোবিন্দ বিশ্বাসের জমিতে ফেললে তিনি তাতে বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা শেখ দেশীয় অস্ত্র ও কাঠের চলা দিয়ে গোবিন্দ বিশ্বাসের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে স্ত্রী মনিরা বিশ্বাস ও মেয়ে রুপালি বিশ্বাস এগিয়ে আসলে তাদেরও বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে হামলাকারী তারা শেখ অন্তঃসত্ত্বা রুপালি বিশ্বাসের পেটে উপর্যুপরি লাথি ও ঘুষি মেরে গুরুতর আহত করে এবং মনিরা বিশ্বাসের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মনিরা বিশ্বাস বর্তমানে সেখানে চিকিৎসাধীন থাকলেও রুপালি বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত গোবিন্দ বিশ্বাস প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত তারা শেখের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

