Logo

সারাদেশ

পাহাড়ের সৌন্দর্য পর্যটকদের কাছে পৌঁছে দিচ্ছেন চালকেরা : খামলাই ম্রো

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১৭:২০

পাহাড়ের সৌন্দর্য পর্যটকদের কাছে পৌঁছে দিচ্ছেন চালকেরা : খামলাই ম্রো

পাহাড়ের সৌন্দর্য পর্যটকদের কাছে পৌঁছে দেয়ার পাশাপাশি পাহাড়ি জেলা বান্দরবানে টেকসই পর্যটন (সাস্টেনেবল ট্যুরিজম) বিকাশে যানবাহনের চালকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বান্দরবান পাহাড়ী যানবাহন শ্রমিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা খামলাই ম্রো।

শনিবার (১৪ মার্চ) দুপুরে বান্দরবান পাহাড়ী যানবাহন শ্রমিক কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, পাহাড়ের দুর্গম পথ অতিক্রম করে পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেন চালকেরা। তাদের দায়িত্বশীলতা, আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ আচরণই অনেক সময় বান্দরবানের প্রতি পর্যটকদের আকর্ষণ আরও বাড়িয়ে দেয়। শুধু পরিবহন নয়, অনেক ক্ষেত্রে চালকরাই পর্যটকদের কাছে বান্দরবানের প্রকৃতি, সংস্কৃতি ও বৈচিত্র্যময় সৌন্দর্যের দূত হিসেবে কাজ করেন। 

খামলাই ম্রো আরও বলেন, বান্দরবান একটি সম্ভাবনাময় পর্যটন জেলা। এখানকার পাহাড়, নদী, ঝর্ণা ও প্রাকৃতিক পরিবেশ দেশি-বিদেশি পর্যটকদের মুগ্ধ করে। তাই পর্যটন শিল্পকে টেকসই করতে পরিবহন খাতের শ্রমিক ও চালকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। 

তিনি চালকদের উদ্দেশ্যে বলেন, পর্যটকদের সাথে সদাচরণ, নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা এবং পাহাড়ের পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি করতে হবে। তাহলেই বান্দরবানের পর্যটন শিল্প আরও সমৃদ্ধ হবে এবং বিশ্ব দরবারে এই পাহাড়ি জেলার সৌন্দর্য নতুন করে তুলে ধরা সম্ভব হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে সমিতির উপদেষ্টা ও  নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বান্দরবান পাহাড়ী যানবাহন শ্রমিক কল্যাণ সমিতির নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে অংথুইচিং মারমা, সম্পাদক উশৈসিং মারমা ও ক্যাসিংহ্লা মারমা কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়। 

সোহেল কান্তি নাথ/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণপরিবহন চলাচল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর