Logo

সারাদেশ

প্রতীক বরাদ্দের মাধ্যমে বগুড়া-৬ উপনির্বাচনে শুরু হলো ভোটের লড়াই

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ২০:৩৮

প্রতীক বরাদ্দের মাধ্যমে বগুড়া-৬ উপনির্বাচনে শুরু হলো ভোটের লড়াই

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তরের জনপদে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় এই উপনির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। রোববার (১৫ মার্চ) সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীদের মাঝে নিজ নিজ দলের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ভোটের লড়াই।

বিএনপি চেয়ারপারসন ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া এই শূন্য আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তিনজন প্রার্থী। ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন রেজাউল করিম বাদশা। তার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) এবং আল-আমিন তালুকদার (ফুলকপি)।

প্রতীক বরাদ্দের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রার্থীরা নিজ নিজ অবস্থান তুলে ধরেন। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া বিএনপির দুর্গ। এখানকার মানুষ সবসময় উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে ধানের শীষে ভোট দেয়। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন জনগণের সঙ্গে তার সংযোগ সেতু হিসেবে কাজ করার জন্য। নির্বাচিত হলে বগুড়াকে একটি আধুনিক মডেল জেলা হিসেবে গড়ে তোলাই হবে আমাদের লক্ষ্য।

তিনি আরও জানান, বিমানবন্দর, বিশ্ববিদ্যালয় ও বিভাগ বাস্তবায়নসহ থমকে থাকা উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।

অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল বলেন, বগুড়ার সন্তান হিসেবে তিনি দীর্ঘ ১৭ বছর রাজপথে থেকে মানুষের পাশে আছেন এবং নানা সময় জেল-জুলুম সহ্য করেছেন। তার বিশ্বাস, জনগণ তাকেই বেছে নেবে।

তবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, তফসিল ঘোষণার পর পুলিশ প্রশাসনে রদবদল ভালো বার্তা দেয় না। আমরা চাই না বগুড়া আরেকটি ‘মাগুরা’য় পরিণত হোক। বিগত নির্বাচনের বিতর্কিত কর্মকর্তাদের পরিবর্তে নিরপেক্ষ কর্মকর্তাদের প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে নিয়োগের দাবি জানান তিনি।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, সোমবার থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া-৬ আসনে এবার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। আগামী ৯ এপ্রিল মোট ১৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাজনৈতিক পটপরিবর্তনের পর এই উপনির্বাচন ঘিরে সাধারণ ভোটারদের মধ্যেও ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা দেখা দিয়েছে। 

জুয়েল হাসান/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান বিএনপি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর