১৮ গ্রামের অসহায় পরিবার পেল প্রবাসী যুবকের ‘ঈদ উপহার’
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ২০:৪৭
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মরিশাস প্রবাসী যুবক আকাশ মিয়া। ফরিদপুরের আলফাডাঙ্গা ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১৮টি গ্রামের অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন তিনি।
সোমবার (১৬ মার্চ) দুপুরে আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম পশ্চিমপাড়া ঈদগাহ ময়দানে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় আকাশ মিয়ার পরিবারের সদস্যবৃন্দ, আলফাডাঙ্গা থানা পুলিশের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সুশৃঙ্খলভাবে উপহারগুলো সুবিধাবঞ্চিত মানুষের হাতে তুলে দেন।
মরিশাস প্রবাসী আকাশ মিয়া আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকার জাকির মিয়ার ছেলে। তিনি মরিশাসের ঈশান কামিনী কোম্পানি লিমিটেডের পরিচালক।
ঈদ উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয়রা। উপস্থিত অনেকেই জানান, ‘আকাশ মিয়া সবসময়ই আমাদের বিপদে-আপদে পাশে থাকেন। তিনি একজন প্রকৃত সমাজসেবক। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নতুন কাপড় পেয়ে আমাদের ঈদের আনন্দ অনেক বেড়ে গেল।’
আকাশ মিয়া বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। মুঠোফোনে তিনি জানান, ‘ঈদ মানেই আনন্দ। কিন্তু সমাজের অনেক মানুষ আর্থিক সংকটে এই আনন্দ থেকে বঞ্চিত থাকেন। এলাকার ১৮টি গ্রামের অসহায় পরিবারগুলো যেন হাসিমুখে ঈদ উদযাপন করতে পারে, সেই লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। মানুষের মুখে হাসি দেখলে নিজের পরিশ্রম সার্থক মনে হয়।’
উল্লেখ্য, আকাশ মিয়া দীর্ঘ দিন ধরেই এলাকার বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে নিভৃতে অবদান রেখে আসছেন। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধীসমাজ।
মিয়া রাকিবুল/এসএসকে/

