ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে বর্ণাঢ্য উৎসবের প্রস্তুতি
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ২১:৩৩
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার অন্যতম বিদ্যাপীঠ ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি (প্লাটিনাম জুবিলি) উপলক্ষে আগামী ২২ ও ২৩ মার্চ (রবি ও সোমবার) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হতে যাচ্ছে বর্ণাঢ্য উৎসব। ১৯৫১ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি দীর্ঘ সাড়ে সাত দশক ধরে শিক্ষা ও সংস্কৃতিতে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।
উৎসবের প্রস্তুতি পর্যালোচনা করতে বুধবার(১৮ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে উদযাপন পরিষদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজকরা জানান, উৎসবকে ঘিরে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।
আগামী ২২ মার্চ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান (বাবুল)। অনুষ্ঠানে জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আয়োজকদের প্রত্যাশা, দুই দিনের এই আয়োজনে ৬ থেকে ৭ হাজার মানুষের সমাগম ঘটবে।
উদযাপন কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব সোলায়মান আলী বিএসসি বলেন, ‘ছাত্র-শিক্ষক ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই উৎসব হবে নবীন-প্রবীণ আর সর্বস্তরের মানুষের এক অনন্য মিলনমেলা।’
কমিটির সদস্য সচিব জনাব এনামুল হক কাজল উদযাপন পরিষদের সদস্যদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টায় এ পর্যন্ত আয়োজনের কাজ সফলভাবে এগিয়ে চলছে।
উৎসবের দুই দিনই থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও নাটক পরিবেশন করবেন। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন আমন্ত্রিত অতিথি শিল্পী আকাশ মাহমুদ, সাদিয়া লিজা ও তার দল।
এমএইচএস

