ব্রহ্মপুত্রে ভাসমান সেতু উল্টে ভাই-বোনসহ নিহত ৪
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ২১:২৪
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকাবহ ঘটনায়। ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতু অতিরিক্ত মানুষের চাপে ছিঁড়ে উল্টে গেলে পানিতে ডুবে ভাই-বোনসহ চারজনের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ মডেল থানার কাছে নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম।
নিহতরা হলেন—ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২) ও ছেলে আব্দুল মোতালেব (৬), ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০) এবং গামারিয়া এলাকার আবির (১৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রহ্মপুত্র নদের ওপর ড্রাম দিয়ে তৈরি একটি ভাসমান সেতুর মাধ্যমে চরে যাওয়ার ব্যবস্থা করা হয়, যেখানে পৌর কর্তৃপক্ষের উদ্যোগে ঈদ উপলক্ষে বিনোদনের আয়োজন ছিল। ঈদের দিন বিকেলে বিপুলসংখ্যক মানুষ সেই স্থানে যাওয়ার জন্য সেতুর ওপর ভিড় জমালে অতিরিক্ত চাপে সেটি ছিঁড়ে গিয়ে উল্টে যায়।
এ সময় অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন পানিতে তলিয়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে অজ্ঞান অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
ফায়ার সার্ভিস কর্মকর্তা রবিউল ইসলাম জানান, উদ্ধার অভিযানে পাঁচজনকে পাওয়া গেলেও তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

