নওগাঁর পোরশায় সংগঠিত ডাকাতির মাত্র ১৪ ঘণ্টার মাথায় রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের মূল হোতা বাবা-ছেলেসহ ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত টাকা ও মোটরসাইকেল।
আজ বেলা সাড়ে ১১টায় নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পুলিশ জানায়, গত ৩১ মার্চ রাতে পোরশা থানার ফকিরের মোড় এলাকায় রশি টেনে পথচারীদের গতিরোধ করে একদল ডাকাত। দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে সাধারণ মানুষের কাছ থেকে নগদ টাকা ও মোটরসাইকেল লুট করে পালিয়ে যায় তারা। ঘটনার পরপরই পুলিশ সুপারের নির্দেশে মাঠে নামে ডিবি পুলিশের একটি চৌকস দল।
তথ্য-প্রযুক্তির সহায়তায় মাত্র ১৪ ঘণ্টায় ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করে পুলিশ। পরবর্তীতে টানা ২৪ ঘণ্টার অভিযানে বগুড়া, গাইবান্ধা ও নওগাঁর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে আবু তাহের ও তার ছেলে কামাল হোসেনও রয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় চুরি-ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এই চক্রের অন্য সদস্যদের ধরতেও ডিবির অভিযান অব্যাহত আছে। দ্রুততম সময়ে রহস্য উদ্ঘাটন ও মালামাল উদ্ধারে পুলিশের এই তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
বিকে/মান্নান/১

