Logo

সারাদেশ

নারী প্রভাষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Icon

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ২০:৩৯

নারী প্রভাষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নারী প্রভাষক ইসমাত জাহান তামান্না’র উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার দুপুরে উপজেলা সদরের রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ এর সামনের সড়ক ওই মানববন্ধনে সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

রেদোয়ান আহমেদ কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া বলেন, আমার কলেজের সহকর্মী সমাজকর্ম বিভাগের প্রভাষক ইসমাত জাহান তামান্নাকে তার নিজ গ্রাম নাওতলায় সন্ত্রাসীরা তার উপর অতর্কিত হামলা করে। এসময় তার সাথে থাকা আইফোন, স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় ও তার পিতা অধ্যক্ষ আবুল কাশেমকেও মারধর করে সন্ত্রাসীরা। গণতান্ত্রিক এই দেশে শিক্ষকের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে আমরা কঠোর আন্দোলনের পথে যাবো।

মানববন্ধনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ওই কলেজের সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া, আনোয়ার হোসেন ভূইয়া, রিতা রাণী সরকার, রুহুল আমিন, শিক্ষার্থী মো. নাছের। এসময় উপস্থিত ছিলেন- সহকারী অধ্যাপক ড. উত্তম কুমার মজুমদার, নূর মোহাম্মদ সরকার, মো. আলাউদ্দিন, শামীমা সুলতানা, আব্দুস সাত্তার, প্রভাষক জোহরা বেগম, বিএম নাজমুল হক, শাহাদাৎ হোসেন, মিজানুর রহমান, মেজবাহ্ উদ্দিন, রিংকন সাহা, সোহেল খান সহ শিক্ষক- শিক্ষার্থীরা ।

প্রসঙ্গত, গত শনিবার বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামে প্রভাষক ইসমাত জাহান তামান্না ও তার পিতা অধ্যক্ষ আবুল কাশেম এর উপর অতর্কিত হামলা করে দুর্বত্তরা। ওই ঘটনায় আহতাবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তারা। এ ঘটনায় অধ্যক্ষ আবুল কাশেম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেন।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি, মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন