আড়াইহাজারে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ২০:০২
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে আড়াইহাজার থানার বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন ড্যাংপাড়া এলাকায় পুলিশের মাদক বিরোধী অভিযানে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার কৃতরা হলো, আড়াইহাজারের বিশনন্দী গ্রামের জহিরুল ইসলাম (৪০) ও কালু হোসেন (৩৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশনন্দীর ড্যাংপাড়া এলাকায় বড় ধরনের মাদকের চালান মজুদের গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৯টার দিকে অভিযানে নামে আড়াইহাজার থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়েই স্থানীয় মাদক ব্যবসায়ী শুক্কুর আলী ও আল-আমিনসহ চক্রের অন্য সদস্যরা দ্রুত মজুদকৃত মাদক সরিয়ে নেওয়ার চেষ্টা চালায়। মূলত সময়ের অভাবে পুরো চালান সরাতে না পারলেও তারা প্রায় ৮ কেজি গাঁজা সরিয়ে ফেলতে সক্ষম হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবশিষ্ট ২২ কেজি গাঁজা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, গ্রেফতারকৃতরা এবং পলাতক শুক্কুর আলী ও আল-আমিন একটি সুসংগঠিত মাদক সিন্ডিকেটের সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদকের বড় বড় চালান এনে আড়াইহাজারের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। সোমবার রাতেও তারা বড় একটি চালানের লেনদেনের অপেক্ষায় ছিল।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে বিশনন্দী এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই স্থানে প্রায় ৩০ কেজি গাঁজা মজুদ থাকার তথ্য ছিল পুলিশের কাছে। তবে অভিযান শুরুর আগেই মাদক ব্যবসায়ীরা ৮ কেজি গাঁজা সরিয়ে ফেলতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, মাদক উদ্ধারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিকে/মান্নান/১

