Logo

সারাদেশ

সরিষাবাড়ীতে ভাইকে ফাঁসাতে বোনের হত্যা মামলা

Icon

সরিষাবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ২০:০৭

সরিষাবাড়ীতে ভাইকে ফাঁসাতে   বোনের হত্যা মামলা

জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত পিতাকে খুন দাবি করে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোটবোনের পরিকল্পিত হত্যা মামলার ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও স্ট্যাম্প ভেন্ডার সোহেল রানা ভাই-বোন ও প্রতিবেশিদের কারণে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সামর্থবাড়ি গ্রামের রইচ উদ্দিন (৮৫) দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন। বড় মেয়ে মিনা বেগমের জিম্মায় থাকা অবস্থায় হঠাৎ তিনি নিখোঁজ হন। নিখোঁজের দুইদিন পর খবর আসে যে, টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাইকতাই এলাকায় মধুপুর-জামালপুর মহাসড়কের সুজন মোড়ে ২১ জানুয়ারি রাতে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন এবং পথচারীদের উদ্ধারের পর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ জানুয়ারি বিকেলে মারা যান। মধুপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে প্রেরণ ও অপমৃত্যু মামলা দায়ের করে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে নিহতের মেয়ে মিনা বেগম সহোদর বড়ভাই সোহেল রানার বিরুদ্ধে টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মধুপুর থানা আমলী আদালতে হত্যা মামলা দায়ের করেন।

ভুক্তভোগী সোহেল রানা জানান, কুচক্রিদের প্ররোচনায় পারিবারিক ঘটনায় বোন মিনা বেগম ও রত্না খাতুন এবং ভাই সুলতান মিয়াসহ কয়েকজন প্রতিবেশি তাকে ফাঁসাতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিরূপায় হয়ে তিনি আইনের আশ্রয় নিলে কয়েকজন একাধিকবার আদালতে মুচলেকা ও জেল হাজতে যান। কোনোভাবেই পেরে না উঠায় পিতার সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে দাবি করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, বোন মামলা দায়েরের পরও ক্ষান্ত হননি, উল্টো তার বাড়িতে হামলা চালিয়ে মারধর, ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে। বর্তমানে তিনি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়া জানান, বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটতরাজের বিষয়ে সোহেল রানার এজাহার পেয়েছি। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে মধুপুর থানার উপপরিদর্শক আরিফুল ইসলাম নিহত রইচ উদ্দিনের মৃত্যুর বিষয়ে বলেন, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছিল যে, লোকটি মহাসড়কের পাশে দোকানে বসে ছিল। হঠাৎ উঠে সড়ক পার হতেই চলন্ত বাসের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা (উপপরিদর্শক) হেলাল উদ্দিন জানান, ভাই-বোনের মধ্যে জমিজমা নিয়ে ঝামেলা রয়েছে বলে শুনেছি। এ ঘটনা থেকে মামলা দায়ের করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।

বিকে/মান্নান/২


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন