Logo

সারাদেশ

লালপুরে শ্রীশ্রী ফকির চাঁদ গোসাই আশ্রম নিয়ে বিরোধ

Icon

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ২১:০৭

লালপুরে শ্রীশ্রী ফকির চাঁদ  গোসাই আশ্রম নিয়ে বিরোধ

নাটোরের লালপুর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান শ্রীশ্রী ফকির চাঁদ গোসাই আশ্রমকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আশ্রম পরিচালনা কমিটি নিয়ে হিন্দু সম্প্রদায়ের দুই পক্ষের মধ্যে মতবিরোধের জেরে বিষয়টি এখন আদালতে বিচারাধীন রয়েছে।

উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে অবস্থিত এই আশ্রমটি স্থানীয়ভাবে ‘গোসাইয়ের আশ্রম’ নামে পরিচিত। দীর্ঘদিন ধরে আশ্রমটি এলাকার ধর্মপ্রাণ মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্র ও মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, আশ্রমের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে বিরোধের জেরে একাধিকবার উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, আশ্রম দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, মারামারি ও ভয়ভীতির ঘটনাও ঘটেছে। এমনকি আশ্রমের সেবায়েতকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগও করা হয়েছে মামলায়।

এ ঘটনায় কয়েকজন ব্যক্তির নাম মামলায় উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে নাওপাড়া গ্রামের মিল্টন, সিরাজ উদ্দিন, সাইদুর রহমান, রামকৃষ্ণপুর গ্রামের চঞ্চল, পানসি পাড়া গ্রামের বাইজিদ, রাশেদসহ আরও কয়েকজনের নাম স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, আশ্রমকে কেন্দ্র করে চলমান বিরোধ দ্রুত সমাধান করা প্রয়োজন। অন্যথায় এলাকায় অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি আদালতে বিচারাধীন থাকায় আইন অনুযায়ী বিষয়টি নিষ্পত্তি হবে। পাশাপাশি এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন সতর্ক রয়েছে।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন