ছবি : সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়ায় তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন উপকূলবাসী। শুক্রবার (৩ জানুয়ারি) ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পুরো উপজেলা। বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছে না, যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন খেটে খাওয়া নিম্নআয়ের মানুষরা। বিশেষ করে নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের দুর্ভোগ চরমে।
শীতের পরিস্থিতি
খেপুপাড়া আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থা আরও ৩দিন অব্যাহত থাকতে পারে। এমন পরিস্থিতিতে চরাঞ্চলের বাসিন্দারা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছেন।
দুর্ভোগ
শীতের কারণে দিনমজুর, অটোভ্যান চালক ও জেলেরা কাজ করতে পারছেন না। অটোভ্যান চালক কামাল জানান, ‘ঠান্ডার কারণে হাত-পায়ের রগ জমে গিয়ে অটো চালানো কঠিন হয়ে পড়েছে। তবে সংসারের টানে কাজে বের হয়েছি।’
গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলে আয়নাল বলেন, ‘প্রচণ্ড শীত আর ঠান্ডা বাতাসের কারণে সাগরে থাকা অসম্ভব হয়ে পড়েছে, তবে সংসারের অভাব মেটাতে যেতে হচ্ছে।’
স্বাস্থ্যঝুঁকি
শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। হাসপাতালে রোগীদের ভিড় বেড়েছে। বিশেষ করে সর্দি, কাশি, জ্বর ও নিউমোনিয়ার মতো রোগে আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
জাকারিয়া জাহিদ/এটিআর

