Logo

সারাদেশ

মাগুরায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ২০:৪০

মাগুরায় বিনামূল্যে চক্ষু  পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

মাগুরা সদরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ইটখোলা ব্র্যাক অফিস প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ব্র্যাক-এর মাইক্রোফাইন্যান্স কর্মসূচী, মাগুরা আঞ্চলিক অফিসের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে ইসলামী চক্ষু হাসপাতাল ফরিদপুর-এর অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন।

ক্যাম্পে চক্ষু রোগের পাশাপাশি মাথাব্যথা, ছানি (সানি) ও নেত্রনালীর বিভিন্ন সমস্যায় ভোগা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। প্রায় ৩০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

এছাড়া দরিদ্র ও অসহায় রোগীদের মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। ছানি রোগে আক্রান্ত সুবিধাবঞ্চিত রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থাও করা হয়েছে, যা উপস্থিত রোগীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

“দৃষ্টি ফিরে পাওয়ার পথ—গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ” প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে চক্ষু সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য তুলে ধরা হয়। আয়োজকরা জানান, দেশে বিশেষ করে ৪০ বছরের ঊর্ধ্বে মানুষের মধ্যে প্রেসবায়োপিয়া (নিকট দৃষ্টি সমস্যা), ছানি ও চোখের ব্যথাসহ নানা সমস্যা সাধারণ হলেও সচেতনতার অভাব ও আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকেই চিকিৎসা থেকে বঞ্চিত হন।

বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগীদের চোখ পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক প্রদীপ কুমার লস্কর, ফরিদপুর ডিভিশনের কোঅর্ডিনেটর মো. জামির আলী, মাগুরা সদর এলাকার এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. তানভীর হোসেন, ইটখোলা শাখার শাখা ব্যবস্থাপক (দাবি) কৃষ্ণ বিশ্বাস, রিজিওনাল কোঅর্ডিনেটর মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন