নৌপরিবহন মন্ত্রী
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ২১:১৫
নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর-এর সক্ষমতা আরও বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে। তিনি বলেন, সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে এ সম্ভাবনাগুলো কাজে লাগানো সম্ভব।
রোববার দুপুর ২টার দিকে বন্দরের এনসিটি-৫ জেটি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এসে মন্ত্রী বন্দরটির সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, “চট্টগ্রাম বন্দর যেভাবে এগিয়েছে, তা নিঃসন্দেহে ইতিবাচক। তবে আরও উন্নয়নের সুযোগ রয়েছে, যা যথাযথ পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব।”
তিনি জানান, বন্দরের উন্নয়নে নতুন কিছু প্রকল্প পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ‘ল্যান্ডলর্ড মডেল’ বাস্তবায়নে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। এসব প্রতিষ্ঠানের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা পেলে কন্টেইনার টার্মিনালগুলোর কার্যক্রম আরও দক্ষ ও আধুনিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী আরও বলেন, পরিদর্শনকালে বন্দরের কার্যক্রমে কিছু সীমাবদ্ধতা ও সমস্যা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কিছু বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাকি বিষয়গুলো ঢাকায় ফিরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে চূড়ান্ত করা হবে।
বিকে/মান্নান

