Logo

সারাদেশ

পাবনায় চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ২১:২৫

পাবনায় চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

পাবনা সদর উপজেলার আরিফপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চারটি আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামও জব্দ করা হয়।

সোমবার রাশিদুল ইসলাম-এর নেতৃত্বে একটি দল সদর থানার আরিফপুর হাজিরহাট মাদারবাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানে আব্দুস সালাম ড্রাইভারের বাড়ির সামনে ফাঁকা জমিতে কচুগাছের ঝোপের আড়ালে গড়ে ওঠা একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় পাবনা পৌর এলাকার আরিফপুর মহল্লার বাসিন্দা মো. রব্বেল হোসেনের ছেলে অলি হোসেন (৩২)-কে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে একই এলাকার সাইদুল ইসলাম ফকিরের ছেলে শুভ ফকির (২৫) পালিয়ে যায়।

অভিযানে তিনটি ২২ বোরের সচল রিভলভার, একটি দেশীয় ওয়ান শুটার গান, ২২ বোরের দুটি গুলি, দুটি মোবাইল ফোন এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সদর থানায় মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানায়, অবৈধ অস্ত্র নির্মাণ ও সরবরাহ চক্রের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের অপরাধ নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন