Logo

সারাদেশ

বোরো আবাদের ধুম, শ্রমিক সংকটে হাওরাঞ্চল

Icon

হাওরাঞ্চল (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৬:০৬

অ
বোরো আবাদের ধুম, শ্রমিক সংকটে হাওরাঞ্চল

নেত্রকোনার হাওরাঞ্চলে ফসলের মাঠজুড়ে চলছে বোরো আবাদের ধুম। মাঠে ব্যস্ত সময় পার করলেও কৃষকদের মাঝে তীব্র উদ্বেগ দেখা যাচ্ছে। শীতের তীব্রতা ও শ্রমিক সংকটের কারণে আবাদ কার্যক্রমের সফলতা নিয়ে চিন্তিত হচ্ছেন চাষিরা। শীতের কারণে বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সার, বীজ, সেচ ও কৃষি উপকরণের দাম বেড়ে গেছে। যার ফলে তাদের উপর বাড়তি চাপ ফেলছে।

কৃষকরা জানান, শীতের কারণে শ্রমিক পাওয়া যাচ্ছে না। আর পাওয়া গেলেও গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। গত বছর যেখানে কৃষি শ্রমিকদের মজুরি ছিল ৫০০ থেকে ৬০০ টাকা। সেখানে এ বছর তা বেড়ে ৮০০ থেকে ১০০০ টাকা হয়ে গেছে। শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক চিন্তিত। কারণ তারা সময়মতো কাজ শেষ করতে পারছেন না।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কৃষকরা মাঠে ব্যস্ত সময় পার করছেন। কেউ বোরো ধানের চারা উত্তোলন করে বস্তায় করে নিয়ে যাচ্ছেন। কেউ জমি সমতল করছেন। আবার কেউ হালচাষ করে জমি প্রস্তুত করছেন। গভীর নূলকুপের মাধ্যমে সেচের কাজও চলছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ১৭ হাজার ৬৩০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। হাওড়বেষ্টিত অঞ্চলে আবাদের কাজ ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলবে।  তবে শ্রমিক সংকট থাকায় এবার সময় মতো বোরো আবাদ নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা।

উপজেলার পদেরকোনা গ্রামের কৃষক সোনা মিয়া, আজাদ, রামদাসখিলা গ্রামের আবুল হোসেন ও শিপনসহ অন্যান্য কৃষকরা জানান, প্রতি বছরই ধানের দাম কমে যায়। এতে উৎপাদন খরচ উঠাতেই তাদের হিমশিত খেতে হয়।  এবারও শীতের কারণে শ্রমিক সংকট ও সেচ খরচ বৃদ্ধি পাওয়ায় তাদের উদ্বেগ আরও বেড়েছে।

উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান জানান, শীতের কারণে বীজতলা রক্ষা করতে ও সফল আবাদ নিশ্চিত করতে উপজেলার দুই হাজার ৫০০ কৃষককে প্রণোদনার আওতায় সার ও বীজ দেওয়া হয়েছে। তিনি আশাবাদী, যদি কৃষকরা সময়মতো বোরো আবাদ করতে পারেন। তবে ফলন ভালো হবে।

নিজাম তালুকদার/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন