তিতাসে দুই বছরের শিশুসহ গৃহবধূ ৮ দিন ধরে নিখোঁজ
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ২০:৪১
কুমিল্লার তিতাস উপজেলায় দুই বছরের শিশুসহ এক গৃহবধূ ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তবে তাদের সন্ধানে দৃশ্যমান কোনো তৎপরতা নেই বলে অভিযোগ উঠেছে।
নিখোঁজ গৃহবধূ জান্নাত (১৯) উপজেলা তাড়িয়াকান্দি গ্রামের মনির হোসেনের মেয়ে এবং সোনাকান্দ গ্রামের নুরুল ইসলাম মুন্সির ছেলে ফরহাদ মুন্সির স্ত্রী। তার সঙ্গে নিখোঁজ রয়েছে দুই বছরের ছেলে সালেহ আহম্মেদ তাকরিম।
জান্নাতের পরিবার জানায়, গত ১৯ এপ্রিল সকালে তিনি তার শ্বশুরবাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
২০২৩ সালের জুন মাসে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাদের বিয়ে হয়। তবে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মাঝেমধ্যে স্বামী-স্ত্রী, শাশুড়ি ও নানি-শাশুড়ির মধ্যে কথাকাটাকাটি হতো।
নিখোঁজের বিষয়ে জান্নাতের পরিবারের দাবি, শ্বশুরবাড়িতে চলমান পারিবারিক অশান্তি ও বাকবিতণ্ডার জেরে এ ঘটনা ঘটতে পারে।
এদিকে স্থানীয় একটি দালাল চক্র ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। তারা দাবি করছে, জান্নাত অন্য কারও সঙ্গে চলে গেছেন—যা পরিবারগুলোর মতে সম্পূর্ণ ভিত্তিহীন।
অন্যদিকে, জান্নাতের স্বামী ও শাশুড়ির ভাষ্য অনুযায়ী, তাদের মধ্যে মাঝেমধ্যে আর্থিক বিষয় নিয়ে ছোটখাটো ঝগড়া হলেও বড় কোনো বিরোধ ছিল না। তারা জানান, নিখোঁজের দিন জান্নাত মায়ের অসুস্থতার কথা বলে সিএনজিযোগে গৌরীপুর বাজারে যাওয়ার কথা বলে বের হন।
এ বিষয়ে তিতাস থানা পুলিশের পরিদর্শক মফিজুল ইসলাম বলেন, “আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বিকে/মান্নান

