৪৮ বছরেও রাস্তার মুখ দেখেনি দিঘীরপাড় প্রাথমিক বিদ্যালয়
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৬, ২০:৫২
প্রতিষ্ঠার দীর্ঘ ৪৮ বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো সড়ক সুবিধা পায়নি দক্ষিণ দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ১০০ জনেরও বেশি। কিন্তু বিদ্যালয়ে যাতায়াতের জন্য নেই কোনো পাকা বা কাঁচা রাস্তা। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও পানিতে পথ চলা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় শিক্ষার্থীরা পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, রাস্তা না থাকায় নিয়মিত পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। খারাপ আবহাওয়ার কারণে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে পারে না, ফলে তাদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়ছে।
দক্ষিণ দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আলাউদ্দিন আল আজাদ বলেন, “আমি ২০১৫ সালে এই বিদ্যালয়ে বদলি হয়ে আসি। তখন থেকেই বিদ্যালয়ের এই অবস্থা দেখে আসছি। কোনো রাস্তা নেই। বর্ষা মৌসুমে সরু পথ কাদা ও পানিতে ডুবে থাকে, ফলে স্কুলে আসা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা চরম কষ্টের মধ্যে পড়ে এবং অনেক সময় তাদের স্কুলে আসা বন্ধ হয়ে যায়।”
অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার এত বছর পরও একটি সরকারি বিদ্যালয়ে যাওয়ার রাস্তা না থাকা অত্যন্ত দুঃখজনক। তারা দ্রুত একটি টেকসই সড়ক নির্মাণের দাবি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দ্রুত বিদ্যালয়ে যাতায়াতের জন্য একটি মানসম্মত সড়ক নির্মাণ করা হোক।

