প্রকাশ্যে শটগান-দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১১:০৬
কুমিল্লায় প্রকাশ্যে শটগান, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের মধ্যে গুলি ও ককটেল বিস্ফোরণ হয়। এতে দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে নগরীর রানির দিঘির পাড় ও ভিক্টোরিয়া কলেজ মাঠে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় ছেলেরা খেলছিল। এ সময় কিশোর গ্যাংয়ের শতাধিক সদস্য শটগান, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। একপর্যায়ে গুলি ছুঁড়ে তারা।
স্থানীয়রা জানান, কুমিল্লা মহিলা কলেজ রোড এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রথমে হামলা চালায়। পরে ধর্মপুর এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা পাল্টা হামলা চালানোর চেষ্টা করে। তবে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসায় দুই গ্রুপের সদস্যরা পালিয়ে যায়। প্রতিপক্ষকে ঘায়েল করতে না পেরে ধর্মপুর এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা নগরীর কান্দিরপাড় পূবালী ব্যাংকের সামনে জড়ো হয়ে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে ধর্মপুরের দিকে চলে যায়।
ওসি মহিনুল ইসলাম বলেন, শহরজুড়ে পুলিশি টহল অব্যাহত আছে। কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সোহাইবুল ইসলাম সোহাগ/এটিআর

