চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৪
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১৬:২৭
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। তাদের মধ্যে একজন ঘটনাস্থলে এবং অপর তিনজন স্থানীয় হাসপাতালে মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।
শনিবার (৯ মে) সকালে লোহাগাড়া উপজেলার জাংগালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা রেহেনা বেগম (৬৫), ঝিনাইদহের গোপালপুরের বাসিন্দা নাঈমুল ইসলাম জিহান (২৩), একই এলাকার মো. নাঈম (২১) ও ভোলার বাসিন্দা মনির আহমেদ (২০)।
চারজনের মৃত্যুর তথ্য দিয়ে লোহাগাড়া থানার ওসি মো. আব্দুল্লাহ বলেন, গুরুতর আহত অবস্থায় আরও কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আহত অবস্থায় দ্বীপ দত্ত ও মো. মাসুম নামে আনুমানিক ২৩ বছর বয়েসী দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুই জনই ঝিনাইদহের বাসিন্দা।
এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আহতদের সঙ্গে থাকা লোকজন বলেছেন যে তারা সবাই ঝিনাইদহের একটি কলেজের শিক্ষার্থী। আট বন্ধু মিলে তারা কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কক্সাবাজারগামী মারছা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একই কোম্পানির আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
লোহাগাড়া ফায়ার স্টেশনের সাব-অফিসার ফিরোজ খান বলেন, দুর্ঘটনার পরপর স্থানীয় লোকজন বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
তিনি বলেন, আমরা গিয়ে কক্সবাজারমুখী বাস থেকে মৃত অবস্থায় এক নারীকে ও অপর বাস থেকে আহত চারজনকে উদ্ধার করেছি।
বাংলাদেশের খবর/আরইউ

