Logo

সারাদেশ

নওগাঁয় ২২ মের আগে আম সংগ্রহ করা যাবে না

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৬, ২১:০০

নওগাঁয় ২২ মের আগে আম সংগ্রহ করা যাবে না

নওগাঁয় আগামী ২২মে থেকে আম সংগ্রহ শুরু হবে। জাতভেদে পর্যায়ক্রমে একে একে বাজারে আসবে বিভিন্ন আম। অপরিপক্ব আমের বাজারজাত ঠেকাতে জেলা প্রশাসন এবারও আম সংগ্রহের সময় ঘোষণা করেন। তবে আবহাওয়া, তাপমাত্রা, বৃষ্টিপাতসহ বিশেষ কারণে সংশ্লিষ্ট স্থানীয় উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে আগে আম সংগ্রহ করা যাবে। রোববার নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় আম সংগ্রহের সময় জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

আলোচনায় নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে এ বছরের আম সংগ্রহের সময় নির্ধারন করা হয়। সময় অনুযায়ী আগামী ২২মে থেকে সব ধরনের গুটি জাতের আম সংগ্রহ করা যাবে। এ ছাড়া উন্নত জাতের আমগুলোর মধ্যে ৩০ মে থেকে গোপালভোগ, ২ জুন ক্ষীরসাপাত বা হিমসাগর, ৫ জুন নাক ফজলি, ১০ জুন ল্যাংড়া ও হাঁড়িভাঙা, ২৫ জুন ফজলি, ১৫ জুন আম্রপালি, ব্যানানা ম্যাঙ্গো ২৫ জুন এবং আগামী ৫ জুলাই থেকে আশ্বিনা, বারি আম-৪, গৌড়মতি ও কাটিনা আম সংগ্রহ করা যাবে।

এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোছা: হোমায়রা মন্ডলসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, চলতি বছর নওগাঁ জেলায় ৩০০ হাজার ৩১০ হেক্টর জমিতে আমবাগান আছে। মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ২৩৫ মেট্রিক টন। এবার শুধু নওগাঁ জেলা থেকে প্রায় ৪ হাজার কোটি টাকা আম বিক্রির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন