Logo

সারাদেশ

চট্টগ্রামে ৬০টি অবৈধ স্থাপনা অপসারণ

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১২ মে ২০২৬, ২১:১১

চট্টগ্রামে ৬০টি অবৈধ স্থাপনা  অপসারণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কর্তৃক বাস্তবায়নাধীন “চট্টগ্রাম শহরের লালখান বাজার হতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ” প্রকল্পের আওতায় আগ্রাবাদ থেকে বিমানবন্দরমুখী আপওয়ার্ড র‌্যাম্প নির্মাণের লক্ষ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজেশন-২ ও প্রকৌশল বিভাগের সমন্বয়ে ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ ডেবারপাড় সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। চউকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে বাংলাদেশ রেলওয়ে থেকে লিজকৃত ০.২২ একর জায়গায় গড়ে ওঠা ৬০টি অবৈধ ও অননুমোদিত স্থাপনা অপসারণ করা হয়। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শতাধিক পুলিশ সদস্য ও র‌্যাব সদস্য মোতায়ন করা হয়।

 এই বিষয়ে যোগাযোগ করা হলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আগ্রাবাদ হতে বিমানবন্দরমুখী আপওয়ার্ড র‌্যাম্প নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নের স্বার্থে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের ফলে প্রকল্প বাস্তবায়নের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর হবে এবং নির্মাণকাজ ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অভিযানকালে উপস্থিত ছিলেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের প্রকল্প পরিচালক ও চউকের নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, অথরাইজড অফিসার-২ মো. তানজিব হোসেন, সহকারী অথরাইজড অফিসার ইলিয়াস আক্তার, সহকারী অথরাইজড অফিসার মো. হামিদুল হকসহ সংশ্লিষ্ট ইমারত পরিদর্শকবৃন্দ।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন