ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এলিম বাড়ি মোড় এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় বাসিন্দা উসমান জানান, শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের এলিম বাড়ি মোড় এলাকায় শাহিদের বাড়িতে আগুন লাগে। পরে এলাকাবাসী তা নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন, ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ঘরের ভেতরে থাকা ফ্রিজসহ অন্যান্য মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
সোহেল/এমবি

